আর্নেস্ট হেমিংওয়ে: যুদ্ধের ময়দান থেকে সাহিত্যে
বিশ্বসাহিত্যের ইতিহাসে এমন কিছু লেখক রয়েছেন, যাঁদের জীবন ও সাহিত্যকে আলাদা করে দেখার সুযোগ নেই। তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা, সময়ের রাজনৈতিক বাস্তবতা, যুদ্ধ, প্রেম, বিচ্ছেদ এবং জীবনসংগ্রাম—সবকিছুই তাঁদের সাহিত্যকর্মের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আমেরিকান কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে তাঁদেরই একজন।
১৮৯৯ সালের ২১ জুলাই যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ওক পার্কে জন্ম। বিংশ শতাব্দীর আধুনিক সাহিত্যের অন্যতম প্রভাবশালী লেখক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। তাঁর লেখার ভাষা ছিল সহজ, সংক্ষিপ্ত ও সরাসরি; কিন্তু সেই সরল ভাষার আড়ালে লুকিয়ে থাকত মানুষের গভীর আবেগ, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, সাহস, পরাজয় এবং জীবন সম্পর্কে জটিল উপলব্ধি।
সাংবাদিকতা দিয়ে তাঁর কর্মজীবনের শুরু। প্রথম বিশ্বযুদ্ধের সময় ইতালির যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন, স্পেনের গৃহযুদ্ধ প্রত্যক্ষ করা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংবাদ সংগ্রহ—এসব অভিজ্ঞতা তাঁর সাহিত্যিক চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করে।
তাঁর বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘The Sun Also Rises’, ‘A Farewell to Arms’, ‘For Whom the Bell Tolls’ এবং ‘The Old Man and the Sea’। বিশেষ করে ‘The Old Man and the Sea’ উপন্যাসের জন্য ১৯৫৩ সালে পুলিৎজার পুরস্কার এবং ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তিনি।
তবে হেমিংওয়েকে শুধু একজন ঔপন্যাসিক হিসেবে জানলে তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অজানা থেকে যায়। তিনি যুদ্ধ নিয়ে শুধু গল্প লেখেননি; যুদ্ধের ভয়াবহতা নিজেও প্রত্যক্ষ করেছেন। যুদ্ধক্ষেত্রে আহত হয়েছেন, সৈনিকদের মৃত্যু দেখেছেন, শরণার্থীদের দুর্দশা উপলব্ধি করেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের একাধিক রণাঙ্গনে উপস্থিত থেকেছেন।
তাঁর জীবন ও সাহিত্য বুঝতে হলে তাই ফিরে তাকাতে হয় বিংশ শতাব্দীর কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধের দিকে।
প্রথম বিশ্বযুদ্ধ: মাত্র ১৮ বছর বয়সে যুদ্ধের ময়দানে—
১৯১৪ সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ তখন ইউরোপজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে। ১৯১৮ সালে, যুদ্ধের শেষ পর্যায়ে, মাত্র ১৮ বছর বয়সে হেমিংওয়ে যুদ্ধের সঙ্গে সরাসরি যুক্ত হন।
তিনি মার্কিন সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু দৃষ্টিশক্তির সমস্যার কারণে তা সম্ভব হয়নি। পরে আমেরিকান রেডক্রসের স্বেচ্ছাসেবক হিসেবে ইতালির যুদ্ধক্ষেত্রে অ্যাম্বুলেন্সচালকের দায়িত্ব গ্রহণ করেন।
তাঁর কাজ ছিল যুদ্ধক্ষেত্র থেকে আহত সৈন্যদের উদ্ধার করা এবং তাঁদের কাছে প্রয়োজনীয় খাবার ও সরঞ্জাম পৌঁছে দেওয়া।
১৯১৮ সালের ৮ জুলাই ইতালির ফসাল্টা দি পিয়াভে অঞ্চলে দায়িত্ব পালনকালে অস্ট্রীয় বাহিনীর মর্টার বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। তাঁর শরীরে অসংখ্য ক্ষত তৈরি হয়। আহত অবস্থায়ও তিনি একজন ইতালীয় সৈনিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এই সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ইতালি সরকার তাঁকে Silver Medal of Military Valor প্রদান করে।
চিকিৎসার জন্য তাঁকে মিলানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর পরিচয় হয় Agnes von Kurowsky নামের একজন নার্সের সঙ্গে। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও শেষ পর্যন্ত তা পরিণতি পায়নি।
যুদ্ধের ক্ষত, হাসপাতালের দিনগুলো, প্রেম এবং বিচ্ছেদের এই ব্যক্তিগত অভিজ্ঞতা পরবর্তী সময়ে তাঁর বিখ্যাত উপন্যাস ‘A Farewell to Arms’ (১৯২৯) রচনার অন্যতম ভিত্তি হয়ে ওঠে।
উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র ফ্রেডেরিক হেনরি একজন আমেরিকান অ্যাম্বুলেন্সচালক, যিনি ইতালির যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করেন। সেখানে তাঁর পরিচয় হয় নার্স ক্যাথরিন বার্কলির সঙ্গে। তাঁদের প্রেমের গল্পের মধ্য দিয়ে হেমিংওয়ে তুলে ধরেছেন যুদ্ধের নিষ্ঠুরতা, মানুষের অসহায়ত্ব এবং ভালোবাসার অনিশ্চিত পরিণতি।
উপন্যাসটি শুধু একটি প্রেমের গল্প নয়; এটি যুদ্ধের প্রতি এক গভীর মানবিক প্রতিবাদ।
স্পেনের গৃহযুদ্ধ: একজন সাংবাদিকের চোখে যুদ্ধ
১৯৩৬ সালে স্পেনে শুরু হয় এক ভয়াবহ গৃহযুদ্ধ। একদিকে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর নেতৃত্বাধীন জাতীয়তাবাদী বিদ্রোহী বাহিনী, অন্যদিকে নির্বাচিত প্রজাতান্ত্রিক সরকারপন্থী বাহিনী। এই সংঘাত শুধু স্পেনের অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াই ছিল না; ইউরোপের বৃহত্তর রাজনৈতিক আদর্শের সংঘাতও এতে প্রতিফলিত হয়েছিল। জার্মানি ও ইতালি ফ্রাঙ্কোর পক্ষকে সামরিক সহায়তা দেয়। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন এবং বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকেরা প্রজাতান্ত্রিক পক্ষকে সহায়তা করেন।
হেমিংওয়ে যুদ্ধের সংবাদ সংগ্রহের জন্য স্পেনে যান। তিনি প্রজাতান্ত্রিক পক্ষের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং ফ্যাসিবাদের উত্থানকে গভীর উদ্বেগের সঙ্গে দেখতেন।
এই সময় তাঁর পরিচয় হয় সাংবাদিক ও লেখক মার্থা গেলহর্নের (Martha Gellhorn) সঙ্গে। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে প্রেম ও বিবাহের সম্পর্ক গড়ে ওঠে। মার্থা গেলহর্ন নিজেও পরবর্তীকালে একজন খ্যাতিমান যুদ্ধ সংবাদদাতা হিসেবে পরিচিতি লাভ করেন।
স্পেনের গৃহযুদ্ধ হেমিংওয়ের চিন্তা ও সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করে। এই অভিজ্ঞতার ফসল তাঁর আরেকটি বিখ্যাত উপন্যাস ‘For Whom the Bell Tolls’ (১৯৪০)।
উপন্যাসটির পটভূমি স্পেনের গৃহযুদ্ধ। এর প্রধান চরিত্র রবার্ট জর্ডান একজন আমেরিকান স্বেচ্ছাসেবক, যিনি প্রজাতান্ত্রিক বাহিনীর পক্ষে যুদ্ধ করছেন। একটি সেতু ধ্বংস করার সামরিক অভিযানের দায়িত্ব তাঁকে দেওয়া হয়। এই অভিযানের মধ্য দিয়ে লেখক তুলে ধরেছেন আদর্শের জন্য আত্মত্যাগ, ভালোবাসা, মৃত্যু, বন্ধুত্ব এবং মানুষের নৈতিক দায়িত্ববোধ।
উপন্যাসটির নামও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইংরেজ কবি জন ডানের একটি বিখ্যাত ভাবনা থেকে এর নাম নেওয়া হয়েছে। এর মূল বক্তব্য হলো কোনো মানুষের মৃত্যু শুধু তার নিজের ক্ষতি নয়; মানবসমাজের প্রত্যেকের অস্তিত্ব একে অপরের সঙ্গে যুক্ত। অন্যের বিপর্যয় শেষ পর্যন্ত আমাদের সবার বিপর্যয়।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
দ্বিতীয় বিশ্বযুদ্ধ: সাংবাদিক থেকে রণাঙ্গনের এক বিতর্কিত চরিত্র
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হেমিংওয়ের জীবনের সবচেয়ে নাটকীয় অধ্যায়গুলোর একটি শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি ছিলেন ১৮ বছরের তরুণ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁর বয়স ৪৪–৪৫ বছর। শারীরিকভাবে আর তরুণ না হলেও যুদ্ধের প্রতি তাঁর আকর্ষণ ও রণাঙ্গনের কাছাকাছি থাকার প্রবল আগ্রহ তখনো অটুট ছিল। যুদ্ধের শুরুতে তিনি কিউবায় অবস্থান করছিলেন। নিজের নৌযান পিলার ব্যবহার করে ক্যারিবীয় সাগরে জার্মান সাবমেরিনের গতিবিধি পর্যবেক্ষণ এবং মার্কিন কর্তৃপক্ষকে তথ্য সরবরাহের উদ্যোগ নেন। তাঁর এই কার্যক্রমের পরিচিতি ছিল ক্রুক ফ্যাক্টরি নামে।
১৯৪৪ সালে তিনি Collier's ম্যাগাজিনের যুদ্ধ সংবাদদাতা হিসেবে ইউরোপে যান। প্রথমে লন্ডনে অবস্থান করেন। যুদ্ধের সংবাদ সংগ্রহের পাশাপাশি ব্রিটিশ বিমানবাহিনীর (RAF) কিছু অভিযানেও পর্যবেক্ষক হিসেবে অংশ নেন। কিন্তু ইউরোপের যুদ্ধক্ষেত্রে তাঁর প্রবেশটা খুব একটা মসৃণ ছিল না।
দুর্ঘটনা, ডি-ডে এবং নরম্যান্ডির যুদ্ধ
১৯৪৪ সালের মে মাসে লন্ডনে অবস্থানকালে একটি গাড়ি দুর্ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। একটি পার্টি থেকে ফেরার পথে তাঁর গাড়ি রাস্তার পাশে থাকা পানির ট্যাংকের সঙ্গে ধাক্কা খায়। এতে মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়। কিন্তু এই আঘাত তাঁকে যুদ্ধের সংবাদ সংগ্রহ থেকে বিরত রাখতে পারেনি।
১৯৪৪ সালের ৬ জুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন। মিত্রবাহিনী ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে বিশাল সামরিক অভিযান শুরু করে। ইতিহাসে এটি পরিচিত ডি–ডে নামে। এ অভিযানের মাধ্যমে নাৎসি জার্মানির দখল থেকে পশ্চিম ইউরোপ মুক্ত করার চূড়ান্ত অভিযান শুরু হয়।
হেমিংওয়ে তখন একটি যুদ্ধজাহাজে অবস্থান করছিলেন। তিনি সৈন্যদের সঙ্গে নরম্যান্ডির উপকূলের দিকে এগিয়ে যান। কিন্তু বেসামরিক যুদ্ধ সংবাদদাতা হিসেবে তাঁকে সরাসরি সৈন্যদের সঙ্গে উপকূলে নামার অনুমতি দেওয়া হয়নি। ফলে সৈন্যদের অবতরণ ও ভয়াবহ হতাহতের দৃশ্য তাঁকে জাহাজ থেকেই প্রত্যক্ষ করতে হয়।
পরে Collier's ম্যাগাজিনে প্রকাশিত তাঁর প্রতিবেদনে যুদ্ধের ভয়াবহতার একটি মর্মস্পর্শী চিত্র উঠে আসে। তিনি লিখেছিলেন, সৈন্যদের প্রথম কয়েকটি ঢেউয়ের অনেকেই সমুদ্রসৈকতে যেখানে পড়ে গিয়েছিলেন, সেখানেই নিথর অবস্থায় পড়ে ছিলেন। দূর থেকে তাঁদের দেখে মনে হচ্ছিল, পাথুরে সৈকতে অনেকগুলো ভারী বোঝার পুঁটলি পড়ে আছে।
এই বর্ণনা থেকে বোঝা যায়, যুদ্ধের বিজয়গাথার আড়ালে কতটা ভয়াবহ মানবিক মূল্য দিতে হয়েছিল মিত্রবাহিনীর সৈন্যদের।
পরবর্তী সময়ে তিনি ফ্রান্সে ফিরে এসে মার্কিন সেনাবাহিনীর চতুর্থ পদাতিক ডিভিশনের ২২তম রেজিমেন্টের সঙ্গে যুক্ত হন। এই রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন কর্নেল চার্লস ‘বাক’ ল্যানহাম (Charles 'Buck' Lanham)। হেমিংওয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। যুদ্ধের ময়দানে এই বন্ধুত্ব পরবর্তী সময়ে হেমিংওয়ের ব্যক্তিগত জীবন ও সাহিত্যেও প্রভাব ফেলে।
প্যারিসের মুক্তি এবং ‘হেমিংওয়ের অনিয়মিত বাহিনী’
১৯৪৪ সালের আগস্টে মিত্রবাহিনী প্যারিসের দিকে অগ্রসর হয়। চার বছরের বেশি সময় ধরে নাৎসি জার্মানির দখলে থাকা ফরাসি রাজধানী তখন মুক্তির অপেক্ষায়।
এই সময় হেমিংওয়ে ফরাসি প্রতিরোধযোদ্ধাদের একটি দলের সঙ্গে যুক্ত হন। তাঁর ফরাসি ভাষায় যোগাযোগের সক্ষমতা, ভূখণ্ড সম্পর্কে ধারণা এবং সামরিক বিষয়ে আগ্রহ তাঁকে এই দলের কাছে কার্যকর করে তোলে। এই অনানুষ্ঠানিক দলটি পরিচিত হয়ে ওঠে Hemingway's Irregulars নামে।
একজন বেসামরিক যুদ্ধ সংবাদদাতার এভাবে সশস্ত্র প্রতিরোধযোদ্ধাদের সঙ্গে যুক্ত হওয়া সামরিক নিয়মের দৃষ্টিতে বিতর্কিত ছিল। কারণ, জেনেভা কনভেনশনের বিধান অনুযায়ী যুদ্ধ সংবাদদাতাদের সামরিক কার্যক্রমে সরাসরি অংশ নেওয়ার অনুমতি ছিল না।
হেমিংওয়ে নিজেও পরে স্বীকার করেছিলেন, তাঁকে এই দলের সদস্যরা ‘ক্যাপ্টেন’ বলে সম্বোধন করত। কেউ কেউ তাঁর বয়স, অভিজ্ঞতা ও ক্ষতচিহ্ন দেখে তাঁকে আরও উচ্চ পদমর্যাদার কর্মকর্তা মনে করত। এ নিয়ে তাঁর রসিকতাও ছিল। একজন তরুণ প্রতিরোধযোদ্ধা তাঁকে একবার জিজ্ঞেস করেছিলেন, এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তিনি কেন এখনো ক্যাপ্টেন পদে আছেন। হেমিংওয়ে মজা করে উত্তর দিয়েছিলেন, তিনি পড়তে ও লিখতে পারেন না বলেই পদোন্নতি পাননি!
১৯৪৪ সালের ২৫ আগস্ট প্যারিস মুক্ত হয়। হেমিংওয়ে মিত্রবাহিনীর সঙ্গে প্যারিসে প্রবেশ করেন। শহরটির প্রতি তাঁর বিশেষ ভালোবাসা ছিল। জীবনের দীর্ঘ সময় তিনি প্যারিসে কাটিয়েছেন। তাই শহরটির মুক্তি তাঁর কাছে শুধু একটি সামরিক বিজয় ছিল না, ছিল ব্যক্তিগত আবেগেরও বিষয়।
প্যারিসের মুক্তি সম্পর্কে তিনি পরবর্তী সময়ে লিখেছিলেন, ফ্রান্স এবং বিশেষ করে প্যারিস পুনরুদ্ধারের অভিজ্ঞতা তাঁকে জীবনের অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি আনন্দ দিয়েছিল। তিনি আগে পশ্চাদপসরণ, আক্রমণ প্রতিহত করা এবং পর্যাপ্ত সহায়তা ছাড়াই যুদ্ধ করার অভিজ্ঞতা অর্জন করেছিলেন। কিন্তু বিজয় মানুষের মনে যে অনুভূতি সৃষ্টি করে, তা আগে কখনো উপলব্ধি করেননি।
প্যারিসের মুক্তির পর হেমিংওয়ে শহরের বিখ্যাত রিটস হোটেলে ফিরে যান। হোটেলটির বার এবং আতিথেয়তার সঙ্গে তাঁর আগের পরিচয় ছিল। প্রচলিত বর্ণনা অনুযায়ী, তিনি ও তাঁর সঙ্গীরা সেখানে দীর্ঘদিনের যুদ্ধক্লান্তি কাটিয়ে উদ্যাপনে মেতে ওঠেন।
তবে যুদ্ধ সংবাদদাতা হয়েও প্রতিরোধযোদ্ধাদের সঙ্গে সামরিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার অভিযোগ তাঁর পিছু ছাড়েনি। মার্কিন সেনাবাহিনী তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। শেষ পর্যন্ত তদন্তে তিনি সামরিক বাহিনীর ইন্সপেক্টর জেনারেলের কাছে অভিযোগ থেকে অব্যাহতি পান। তাঁর বক্তব্য ছিল, তিনি মূলত সামরিক তথ্য সংগ্রহ ও পরামর্শের কাজ করেছেন।
হুর্টগেন ফরেস্ট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ভয়াবহ অধ্যায়
প্যারিসের মুক্তির পরও হেমিংওয়ের যুদ্ধ দেখার আগ্রহ কমেনি। বরং তিনি আরও সরাসরি রণাঙ্গনের কাছাকাছি থাকতে চেয়েছিলেন। এবার তাঁর গন্তব্য জার্মান সীমান্তের কাছে অবস্থিত হুর্টগেন ফরেস্ট। ১৯৪৪ সালের সেপ্টেম্বর থেকে ১৯৪৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই বনাঞ্চলে মার্কিন ও জার্মান বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলে।
ঘন বন, দুর্গম পাহাড়ি পথ, মাইন, জার্মান আর্টিলারি এবং প্রতিকূল আবহাওয়া—সব মিলিয়ে এটি মার্কিন সেনাবাহিনীর জন্য অত্যন্ত কঠিন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল।
হেমিংওয়ে চতুর্থ পদাতিক ডিভিশনের ২২তম রেজিমেন্টের সঙ্গে এ অঞ্চলে অবস্থান করেন। কর্নেল বাক ল্যানহামের সঙ্গে তাঁর বন্ধুত্ব তখন আরও গভীর। তিনি সৈন্যদের সঙ্গে সময় কাটাতেন, তাঁদের যুদ্ধের অভিজ্ঞতা শুনতেন এবং যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা প্রত্যক্ষ করতেন।
এই যুদ্ধে মার্কিন বাহিনীর ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। পুরো হুর্টগেন অভিযানে মার্কিন বাহিনীর হতাহতের সংখ্যা ৩০ হাজারের বেশি বলে বিভিন্ন হিসাব থেকে জানা যায়।
হেমিংওয়ে যুদ্ধের যে চিত্র দেখেছিলেন, তা ছিল কোনো রোমান্টিক বীরত্বগাথা নয়। গোলার আঘাতে বিধ্বস্ত বনভূমি, মাইন বিস্ফোরণ, আহত সৈনিক, মৃতদেহ এবং নিরন্তর গোলাবর্ষণের মধ্যে বেঁচে থাকার সংগ্রাম।
একটি বিবরণে তিনি জার্মান এসএস সৈন্যদের ট্যাংকের আক্রমণের পর রাস্তায় রক্তাক্ত ও আহত অবস্থায় পড়ে থাকতে দেখার কথা লিখেছিলেন। এই দৃশ্য তাঁর মনে গভীর ছাপ ফেলেছিল।
এ সময় তাঁর সঙ্গে মদ্যপানের অভ্যাসও যুদ্ধের জীবনযাপনের অংশ হয়ে উঠেছিল। ঠান্ডা আবহাওয়া, অনিদ্রা, শারীরিক ক্লান্তি এবং অতিরিক্ত মদ্যপান তাঁর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছিল।
Battle of the Bulge: রিটজ হোটেল থেকে আবার যুদ্ধের ময়দানে
১৯৪৪ সালের ১৬ ডিসেম্বর। প্যারিসের বিখ্যাত রিটজ হোটেলে অবস্থান করছিলেন হেমিংওয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপীয় রণাঙ্গনে তখন মিত্রবাহিনী অনেকটাই এগিয়ে গেছে। অনেকের ধারণা ছিল, জার্মান বাহিনী পশ্চিম ইউরোপে আর বড় ধরনের আক্রমণ চালানোর মতো শক্তি অবশিষ্ট রাখেনি।
কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হতে যাচ্ছিল।
১৬ ডিসেম্বর ভোরে জার্মান বাহিনী বেলজিয়াম ও লুক্সেমবার্গ সীমান্তের আর্ডেনেস অঞ্চলে আকস্মিক ও ব্যাপক আক্রমণ শুরু করে। প্রায় ৩০টি ডিভিশন নিয়ে পরিচালিত এ অভিযান ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পশ্চিম রণাঙ্গনে জার্মানির শেষ বড় আক্রমণ।
অভিযানটির সাংকেতিক নাম ছিল Wacht am Rhein। ইতিহাসে এটি পরিচিত Battle of the Bulge নামে।
জার্মানির উদ্দেশ্য ছিল মিত্রবাহিনীর প্রতিরক্ষা ভেঙে অগ্রসর হয়ে গুরুত্বপূর্ণ বন্দরনগরী অ্যান্টওয়ার্প দখল করা। এর মাধ্যমে ব্রিটিশ ও মার্কিন বাহিনীকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করা এবং পশ্চিম রণাঙ্গনে মিত্রবাহিনীর অগ্রযাত্রা থামিয়ে দেওয়া।
হিটলারের এ অভিযান ছিল একধরনের চূড়ান্ত জুয়া। জার্মানি তখন সামরিক, অর্থনৈতিক ও জনশক্তির দিক থেকে ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। তবু এই আক্রমণের মাধ্যমে যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার শেষ চেষ্টা চালানো হয়।
এই আকস্মিক আক্রমণের খবর পেয়ে হেমিংওয়ে তাঁর ভাই লেস্টারকে একটি বার্তা পাঠান। সেখানে তিনি লেখেন:
‘There’s been a complete breakthrough, kid. This thing could cost us the works. Their armour is pouring in.’
অর্থাৎ, জার্মানরা প্রতিরক্ষা সম্পূর্ণ ভেঙে দিয়েছে। তাদের ট্যাংক বাহিনী প্রবল বেগে এগিয়ে আসছে এবং এই আক্রমণ মিত্রবাহিনীর জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
এরপর হেমিংওয়ে আবারও যুদ্ধের ময়দানে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রচলিত বিবরণ অনুযায়ী, তিনি তাঁর ব্যক্তিগত জিপে একটি Thompson সাবমেশিনগান, .45 ক্যালিবারের পিস্তল, হ্যান্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ গোলাবারুদ তুলে নিতে বলেন। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে পরেন দুটি পশমে মোড়ানো জ্যাকেট। সঙ্গে রাখেন পানির বোতল—যদিও তাঁর ক্ষেত্রে একটি বোতলে পানি নয়, মদ থাকার কথাই বেশি শোনা যায়!
রিটজ হোটেল থেকে বের হওয়ার সময় তাঁর পোশাক ও শারীরিক গড়ন দেখে একজন প্রত্যক্ষদর্শী তাঁকে ‘মোটা মেরুভালুকের মতো’ বলে বর্ণনা করেছিলেন। সেই অবস্থায় তিনি জিপে উঠে চালককে দ্রুত সামনের দিকে যেতে বলেন।
১৯ ডিসেম্বর তিনি লুক্সেমবার্গে পৌঁছান এবং তাঁর পরিচিত ২২তম রেজিমেন্টের সঙ্গে আবার যোগাযোগ স্থাপন করেন।
তবে তখন প্রচণ্ড শীত, বরফে ঢাকা রাস্তা, অসুস্থতা ও শারীরিক ক্লান্তি তাঁকে বেশ দুর্বল করে দিয়েছিল। রেজিমেন্টের চিকিৎসক পরীক্ষা করে দেখেন, তাঁর মাথা ও বুকে তীব্র ঠান্ডাজনিত অসুস্থতা রয়েছে। তাঁকে ওষুধ দেওয়া হয় এবং বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়।
কিন্তু হেমিংওয়ের স্বভাব ছিল অন্য রকম। যুদ্ধের উত্তেজনা থেকে নিজেকে দূরে রাখা তাঁর পক্ষে সহজ ছিল না।
তিনি তাঁর বন্ধু কর্নেল বাক ল্যানহামের কমান্ড পোস্টে অবস্থান করেন। কথিত আছে, সেই বাড়ির ওয়াইন সেলার থেকে প্রচুর ওয়াইন পান করে কয়েক দিন বিশ্রাম নিয়েছিলেন। তাঁর মদ্যপানের অভ্যাস নিয়ে সৈনিকদের মধ্যে নানা গল্প প্রচলিত ছিল। কেউ কেউ বলতেন, তিনি সব সময় সঙ্গে মদ রাখতেন এবং কাউকে পান করার প্রস্তাব দিলে নিজেও কখনো না বলতেন না।
২২ ডিসেম্বর তিনি আবার রেজিমেন্টের অবস্থানগুলো ঘুরে দেখেন। বরফে ঢাকা যুদ্ধক্ষেত্রে জার্মান বাহিনীর বিরুদ্ধে মিত্রবাহিনীর প্রতিরোধ ও পাল্টা আক্রমণের ঘটনাগুলো প্রত্যক্ষ করেন।
ক্রিসমাসের আগের দিন, ২৪ ডিসেম্বর, তিনি সামরিক কর্মকর্তাদের সঙ্গে নৈশভোজে অংশ নেন। খাবারের সঙ্গে স্কচ, জিন ও স্থানীয় ব্র্যান্ডি পান করেন। পরে আরও একটি পার্টিতে যোগ দেন।
এই সময় তাঁর স্ত্রী মার্থা গেলহর্নও যুদ্ধ সংবাদ সংগ্রহের জন্য Battle of the Bulge অঞ্চলে পৌঁছান। যদিও তাঁদের বৈবাহিক সম্পর্ক তখন ভাঙনের মুখে।
কয়েক দিন পর হেমিংওয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপীয় রণাঙ্গনে এটাই ছিল তাঁর শেষ প্রত্যক্ষ উপস্থিতির অন্যতম অধ্যায়।
Battle of the Bulge শেষ পর্যন্ত জার্মানির জন্য ব্যর্থতায় পর্যবসিত হয়। ১৯৪৫ সালের জানুয়ারির শেষ দিকে জার্মান বাহিনীর আক্রমণ কার্যত প্রতিহত হয়। এই পরাজয়ের পর পশ্চিম রণাঙ্গনে জার্মানির আর বড় ধরনের আক্রমণ চালানোর সামর্থ্য অবশিষ্ট ছিল না।
এই যুদ্ধের অভিজ্ঞতা হেমিংওয়ের মনে যুদ্ধ সম্পর্কে আরও গভীর বিতৃষ্ণা তৈরি করে। তাঁর একটি বহুল উদ্ধৃত মন্তব্যের ভাবার্থ ছিল—যুদ্ধকে দীর্ঘদিন ভালোবেসে যায় মূলত যুদ্ধ থেকে সুবিধা পাওয়া মানুষ, যুদ্ধের মুনাফাখোর, জেনারেল ও সামরিক কর্মকর্তারা; সাধারণ সৈনিকদের কাছে যুদ্ধের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই উপলব্ধি তাঁর যুদ্ধবিষয়ক চিন্তাধারার একটি গুরুত্বপূর্ণ দিক।
যুদ্ধ-পরবর্তী জীবন: রণাঙ্গনের স্মৃতি ও সাহিত্যের প্রত্যাবর্তন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপীয় অধ্যায় শেষ হওয়ার পর হেমিংওয়ে আবার কিউবায় ফিরে যান। যুদ্ধের সময় তিনি Collier’s ম্যাগাজিনের জন্য কয়েকটি প্রতিবেদন পাঠিয়েছিলেন। তবে যুদ্ধের ময়দানে তাঁর দীর্ঘ উপস্থিতির তুলনায় প্রকাশিত লেখার সংখ্যা ছিল কম। তিনি মনে করতেন, যুদ্ধের এই অভিজ্ঞতাগুলোর অনেক কিছুই ভবিষ্যতে বড় কোনো সাহিত্যকর্মে ব্যবহার করবেন।
১৯৪৭ সালে মার্কিন সরকার তাঁকে Bronze Star Medal প্রদান করে। যুদ্ধ সংবাদদাতা হিসেবে শত্রুর গোলাবর্ষণের মধ্যেও বিভিন্ন যুদ্ধাঞ্চলে অবাধে চলাচল করে পরিস্থিতির নির্ভরযোগ্য বিবরণ সংগ্রহ করার জন্য তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা তাঁর পরবর্তী সাহিত্যেও প্রভাব ফেলে। ১৯৫০ সালে প্রকাশিত ‘Across the River and Into the Trees’ উপন্যাসে যুদ্ধের স্মৃতি, একজন প্রবীণ সামরিক কর্মকর্তার মানসিক অবস্থা, প্রেম এবং বার্ধক্যের অনুভূতি উঠে আসে। উপন্যাসটির প্রধান চরিত্র কর্নেল রিচার্ড ক্যান্টওয়েলের মধ্যে তাঁর বন্ধু কর্নেল বাক ল্যানহামের কিছু বৈশিষ্ট্যের প্রতিফলন পাওয়া যায়।
তবে হেমিংওয়ের জীবনের সবচেয়ে বড় সাহিত্যিক সাফল্য আসে ১৯৫২ সালে প্রকাশিত ‘The Old Man and the Sea’ উপন্যাসের মাধ্যমে। কিউবার একজন বৃদ্ধ জেলে সান্তিয়াগোর সমুদ্রের সঙ্গে দীর্ঘ সংগ্রামের কাহিনি বিশ্বসাহিত্যে মানুষের অদম্য মনোবল ও আত্মমর্যাদার এক অসাধারণ প্রতীক হয়ে ওঠে।
১৯৫৩ সালে তিনি পুলিৎজার পুরস্কার এবং ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৬১ সালের ২ জুলাই যুক্তরাষ্ট্রের আইডাহোর কেচামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল মাত্র ৬১ বছর।
শেষ কথা: যুদ্ধের ইতিহাসে একজন লেখকের পদচিহ্ন
হেমিংওয়ের জীবনকে ফিরে দেখলে মনে হয়, তিনি যেন বিংশ শতাব্দীর কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে হেঁটে গেছেন। প্রথম বিশ্বযুদ্ধে তিনি ছিলেন একজন তরুণ স্বেচ্ছাসেবক, যিনি যুদ্ধক্ষেত্রে আহত হয়ে হাসপাতালের বিছানায় প্রেম ও বিচ্ছেদের অভিজ্ঞতা অর্জন করেছিলেন।
স্পেনের গৃহযুদ্ধে তিনি ছিলেন একজন সাংবাদিক, যিনি রাজনৈতিক আদর্শের সংঘাত, ফ্যাসিবাদের উত্থান এবং সাধারণ মানুষের দুর্দশা প্রত্যক্ষ করেছিলেন।
আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি ছিলেন একজন যুদ্ধ সংবাদদাতা, যিনি নরম্যান্ডির ডি-ডে, প্যারিসের মুক্তি, হুর্টগেন ফরেস্টের ভয়াবহতা এবং Battle of the Bulge-এর মতো গুরুত্বপূর্ণ সামরিক ঘটনাগুলোর কাছাকাছি অবস্থান করেছিলেন।
তাঁর জীবনের এই অভিজ্ঞতাগুলোই তাঁকে অন্য অনেক লেখকের চেয়ে আলাদা করেছে। তিনি যুদ্ধের ইতিহাস লিখেছেন, কিন্তু যুদ্ধকে মহিমান্বিত করেননি। বরং যুদ্ধের ভেতরে মানুষের অসহায়ত্ব, সাহস, প্রেম, মৃত্যু এবং বেঁচে থাকার সংগ্রামকে তুলে ধরেছেন।
হেমিংওয়ের জীবন থেকে একটি বিষয় উপলব্ধি করা যায়—ইতিহাসের বড় বড় যুদ্ধ শুধু দেশের সীমানা কিংবা রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ঘটায় না; মানুষের ব্যক্তিগত জীবন, সম্পর্ক, মানসিকতা এবং সৃষ্টিশীলতাকেও চিরদিনের জন্য বদলে দেয়।
হেমিংওয়ে যুদ্ধকে খুব কাছ থেকে দেখেছিলেন বলেই হয়তো তাঁর লেখায় যুদ্ধের গোলাগুলির চেয়েও বেশি শোনা যায় মানুষের হৃদয়ের আর্তনাদ। যুদ্ধের ময়দান থেকে সাহিত্যিক অমরত্বের পথে তাঁর এই যাত্রা তাই শুধু একজন লেখকের জীবনী নয়; এটি একই সঙ্গে বিংশ শতাব্দীর যুদ্ধবিধ্বস্ত ইউরোপের ইতিহাস এবং মানুষের জীবনসংগ্রামের এক অসাধারণ দলিল।
নোট : দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেমিংওয়ে একজন স্বীকৃত বেসামরিক যুদ্ধ সংবাদদাতা ছিলেন, নিয়মিত মার্কিন সেনাসদস্য বা আনুষ্ঠানিকভাবে যুদ্ধরত সৈনিক ছিলেন না। French Resistance-এর সঙ্গে তাঁর ভূমিকা এবং অস্ত্র হাতে যুদ্ধ করার কিছু বিবরণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে আলোচনা রয়েছে। Battle of the Bulge-এ তাঁর উপস্থিতির কিছু নাটকীয় ঘটনা বিভিন্ন স্মৃতিকথা ও পরবর্তী বিবরণে এসেছে; সেগুলোর সবকিছু সমানভাবে স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তাই তাঁর যুদ্ধজীবন বুঝতে নথিভিত্তিক ইতিহাস ও ব্যক্তিগত স্মৃতিচারণার পার্থক্য মনে রাখা জরুরি।
হেমিংওয়ের জীবন ও যুদ্ধের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে নীচের কয়েকটি প্রামাণ্যচিত্র ও সাহিত্যকর্মগুলো পড়তে পারেন:
• Hemingway (2021) — Ken Burns ও Lynn Novick নির্মিত PBS-এর তিন পর্বের প্রামাণ্যচিত্র।
• A Farewell to Arms (১৯২৯) — প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা ও প্রেমের উপন্যাস।
• For Whom the Bell Tolls (১৯৪০) — স্পেনের গৃহযুদ্ধের পটভূমিতে রচিত।
• Hemingway at War — Terry Mort — দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেমিংওয়ের সাংবাদিকতা ও রণাঙ্গনের অভিজ্ঞতা নিয়ে লেখা।
• The Old Man and the Sea (১৯৫২) — মানুষের অদম্য মনোবল ও জীবনসংগ্রামের অনন্য উপাখ্যান।
লেখক: ব্যাংকার