নারী কর্মীদের মানসিক সুস্থতা নিশ্চিতে ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র গ্রুপ সেশন

এশিয়াটিক থ্রি-সিক্সটির নারী কর্মীদের জন্য তৈরি বিশেষ প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’ গতকাল বুধবার মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি বিশেষ গ্রুপ সেশনের আয়োজন করেছে। গ্রামীণ হেলথটেক লিমিটেডের ই-হেলথকেয়ার প্ল্যাটফর্ম ‘সুখী’র যৌথ সহযোগিতায় রাজধানীর বনানীতে অবস্থিত ‘বাতিঘর আর্ট স্পেস’-এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। সেশনে ‘হার এশিয়াটিক সার্কেল’-এর প্রায় ৩০ জন নারী কর্মী অংশগ্রহণ করেন।

নারী কর্মীদের সৃজনশীল, পেশাগত ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করতে এশিয়াটিক থ্রি-সিক্সটি ‘হার এশিয়াটিক সার্কেল’ প্ল্যাটফর্মটি চালু করেছে। বর্তমান ও সাবেক নারী সহকর্মীদের নিয়ে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মটি সহযোগিতা, দক্ষতা বিনিময় ও মেন্টরশিপের মাধ্যমে নারীদের এগিয়ে যাওয়ার একটি সহায়ক পরিসর তৈরি করে।

সেশনে ‘সুখী’র বিশেষজ্ঞরা আচরণগত পরিবর্তনের মাধ্যমে কীভাবে মানসিক চাপ বা স্ট্রেস নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কিছু হালকা শারীরিক ব্যায়ামের মাধ্যমে দৈনন্দিন জীবনে মানসিক চাপ মোকাবিলা এবং মানসিক সুস্থতা বজায় রাখার কিছু পদ্ধতি সম্পর্কেও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

এ বিষয়ে ‘সুখী’র ক্লিনিক্যাল ম্যানেজার ডা. সাদিয়া ইফফাত আনাম বলেন, ‘নারীদের জীবনে পেশাগত ও ব্যক্তিগত, দুই দিকই সামলাতে হয়। তাই এই দুই ক্ষেত্রেই ভারসাম্য বজায় রাখতে আমাদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।’

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]

সেশনটি শেষ হয় উন্মুক্ত আলোচনা ও হালকা আপ্যায়নের মাধ্যমে, যেখানে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পান।

‘হার এশিয়াটিক সার্কেল’-এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই সেশনটি নারী কর্মীদের মধ্যে পারস্পরিক সংযোগ ও মেলবন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে। একই সঙ্গে মানসিক ও সামগ্রিক সুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের যত্ন নেওয়ার বিষয়ে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতেও সেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।