ইডেন কলেজ গ্রিন ভয়েসের সভাপতি তিষা, সাধারণ সম্পাদক প্রীতি
পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রিন ভয়েস’-এর ইডেন মহিলা কলেজ শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতির দায়িত্ব পেয়েছেন নুসরাত ইমরোজ তিষা এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রজ্ঞা মোস্তফা প্রীতি। সংগঠনটির প্রধান সমন্বয়ক আলমগীর কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইডেন কলেজে নতুন এই কমিটি আগামী এক বছর মেয়াদে দায়িত্ব পালন করবে এবং পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যোতি পাল। সহসম্পাদক হয়েছেন মুশফিকা তারন্নুম। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমাইয়া শামস।
সংগঠনটির উপদেষ্টা পরিষদে রয়েছেন অধ্যাপক নাসরিন বেগম, অধ্যাপক রিতা হালদার, অধ্যাপক রুনুসহ ইডেন মহিলা কলেজের কয়েকজন অভিজ্ঞ শিক্ষক। তাঁদের দিকনির্দেশনায় সংগঠনটির কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
নবগঠিত কমিটির সভাপতি নুসরাত ইমরোজ বলেন, ‘সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে আমরা শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নানা উদ্যোগ গ্রহণ করব।’ সাধারণ সম্পাদক প্রজ্ঞা মোস্তফা বলেন, ‘গ্রিন ভয়েসের লক্ষ্য বাস্তবায়নে আমরা সবাই মিলে কাজ করব এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখব।’
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক সেমিনার, ক্যাম্পেইনসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করে টেকসই উদ্যোগ গ্রহণের পরিকল্পনাও রয়েছে।
গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবীর নবগঠিত কমিটির সব সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটি ইডেন মহিলা কলেজে পরিবেশবান্ধব কার্যক্রমে নতুন গতি আনবে এবং দেশের তরুণ সমাজকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]