খিচুড়ি বিলাস: বাঙালির রসনায়, স্মৃতিতে ও আবেগে

বাঙালি যত ধরনের খাবার খায়, তার মধ্যে সবচেয়ে সহজে রান্না করা যায় এবং জনপ্রিয়তার বিচারে অন্যতম হলো খিচুড়ি। এই খাবারের সঙ্গে বাঙালির সম্পর্কটা যেন একটু অন্য রকম। খিচুড়ি শুধু একটি খাবার নয়, এটি আমাদের অভ্যাস, ভালোবাসা, স্মৃতি ও আবেগের অংশ।

ধরুন, একদিন বাসায় তেমন কিছু নেই। বাজার করারও সময় নেই। কী রান্না হবে? ব্যস, চুলায় চড়িয়ে দিন চাল আর ডালের খিচুড়ি। সঙ্গে একটি ডিম ভাজা আর এক চামচ ঘি। ব্যস! আর কী চাই? গরম–গরম খিচুড়ির সঙ্গে ঘিয়ের ঘ্রাণ আর ডিম ভাজার স্বাদ—আহা! এর সঙ্গে কি অন্য কোনো খাবারের তুলনা চলে?

ব্যাচেলর জীবনের কথা ভাবুন। বুয়া আসেনি, রান্না করার লোক নেই। বাইরে বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে খিচুড়ির চেয়ে ভালো সমাধান আর কী হতে পারে! চাল, ডাল, কিছু মসলা—সব একসঙ্গে চুলায় বসিয়ে দিলেই হলো। রান্নার ঝামেলা কম, খেতেও তৃপ্তি। ব্যাচেলরদের কাছে খিচুড়ি যেন এক নির্ভরতার নাম।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

আবার একটু বৃষ্টি নামলেই অসংখ্য পরিবারে খিচুড়ি রান্নার আয়োজন শুরু হয়ে যায়। মেঘলা আকাশ, জানালার পাশে বৃষ্টির শব্দ, আর রান্নাঘর থেকে ভেসে আসা খিচুড়ির ঘ্রাণ—এই অনুভূতির সঙ্গে বাঙালির পরিচয় বহুদিনের।

খিচুড়ির সঙ্গে ইলিশ ভাজা আমাদের সবচেয়ে জনপ্রিয় খাবারের জুটিগুলোর একটি। গরম খিচুড়ি, এক টুকরা ইলিশ ভাজা, সঙ্গে একটু আচার—ভাবলেই জিবে পানি চলে আসে। কিন্তু ইলিশের যে দাম, তাতে মধ্যবিত্তের পক্ষে প্রতিদিন তো দূরের কথা, মাঝেমধ্যে ইলিশের ধারেকাছেও যাওয়া কঠিন। তাই খিচুড়ির সঙ্গে ডিমভাজাই এখন অনেকের কাছে সবচেয়ে সহজ ও সাশ্রয়ী পছন্দ।

তবে কয়েক দশক ধরে ঝোল খিচুড়ির জনপ্রিয়তাও বেশ বেড়েছে। এই খিচুড়িতে মিশে থাকে মাংসের স্বাদ। কখনো গরুর মাংস, কখনো মুরগির মাংস। গরম–গরম ঝোল খিচুড়ি খেতে হোটেল-রেস্তোরাঁয় অনেককে লাইন ধরে অপেক্ষা করতেও দেখা যায়। আবার বোম্বাই মরিচ দিয়ে রান্না করা খিচুড়ির আলাদা ভক্ত আছেন। ঝালের প্রতি যাঁদের একটু বেশি দুর্বলতা, তাঁদের কাছে এই খিচুড়ি যেন অমৃত!

এখন এই শহরে খিচুড়ির জন্য বিখ্যাত বেশ কিছু হোটেল ও রেস্তোরাঁ গড়ে উঠেছে। একসময় ঘরোয়া রান্নার মধ্যেই খিচুড়ির জনপ্রিয়তা সীমাবদ্ধ ছিল। এখন সেই খিচুড়ি বাণিজ্যিকভাবেও বেশ জনপ্রিয়। ঘরোয়া খিচুড়ির পর হোটেলের খিচুড়িও জায়গা করে নিয়েছে মানুষের রসনায়।

খিচুড়ি ভালোবাসেন না, এমন মানুষ খুব বেশি পাওয়া যাবে না। তবে এখানেও বাধা হয়ে দাঁড়ায় অসুখ-বিসুখ। যাঁদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, তাঁদের ডাল খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হয়। কারও কারও জন্য চিকিৎসক ডাল সীমিত করার পরামর্শ দেন। তাই খিচুড়ি খাওয়ার ক্ষেত্রেও ব্যক্তিগত শারীরিক অবস্থা ও চিকিৎসকের পরামর্শ বিবেচনায় রাখা জরুরি।

সাধারণ ভাতের সঙ্গে খিচুড়ির একটি মৌলিক পার্থক্য হলো খিচুড়িতে চালের পাশাপাশি ডালও থাকে। ফলে এতে উদ্ভিজ্জ প্রোটিনের পরিমাণ বাড়ে। মুগ ডাল ও মসুর ডাল—এই দুই ধরনের ডাল পরিমিত পরিমাণে মিশিয়ে রান্না করলে খিচুড়ির স্বাদ বেশ ভালো হয়। অনেকের ধারণা, দুই ধরনের ডালের সমন্বয়েই খিচুড়ির স্বাদ আরও জমে ওঠে।

একসময় নাটক-সিনেমায় প্রায়ই দেখা যেত ব্যাচেলর নায়ক নিজেই খিচুড়ি রান্না করছেন। নায়িকা এসে চেখে দেখছেন। কখনো আবার নায়িকা নিজের হাতে রান্না করা খিচুড়ি নিয়ে হাজির হচ্ছেন নায়কের কাছে। নায়ক এক চামচ খেয়েই এমন ভাব করছেন, যেন জীবনে এত সুস্বাদু খাবার আর কখনো খাননি! সেই খিচুড়ি খেয়ে নায়কের চোখেমুখে যে তৃপ্তি ফুটে উঠত, তা দেখে মনে হতো, প্রেমের জগতে খিচুড়িরও বিশেষ ভূমিকা আছে!

খিচুড়ির সঙ্গে আরেকটি খাবার খুব ভালো যায়। সেটি হলো আচার। আমের আচার, চালতার আচার কিংবা জলপাইয়ের আচার—যেটিই হোক, খিচুড়ির পাশে একটু আচার থাকলে স্বাদ যেন কয়েক গুণ বেড়ে যায়। আর পাতে যদি থাকে এক টুকরা ইলিশভাজা, একটি বোম্বাই মরিচ, এক চামচ খাঁটি ঘি এবং একটু আচার, তাহলে তো কথাই নেই। একেবারে স্বর্গীয় খাবার! এর স্বাদের সঙ্গে অন্য কিছুর তুলনা করা কঠিন।

এখন শীতকাল। এই সময়ে সবজি খিচুড়ির কদরও বেড়ে যায়। কয়েক ধরনের সবজি দিয়ে রান্না করা খিচুড়ি যেন এক অন্য রকম খাবার। ফুলকপি, গাজর, মটরশুঁটি, আলু কিংবা মৌসুমি সবজি—যা পাওয়া যায়, তা দিয়েই তৈরি করা যায় সুস্বাদু সবজি খিচুড়ি। এর সঙ্গে মাছ-মাংস না থাকলেও চলে। বরং অল্প মসলায় রান্না করা সবজি খিচুড়ির নিজস্ব একটা স্বাদ আছে।

রান্নার পদ্ধতিও খিচুড়ির স্বাদে প্রভাব ফেলে। প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলে ভেতরের ঘ্রাণ অনেকটা ধরে রাখা যায়। আবার পুড়ে যাওয়ার আশঙ্কাও তুলনামূলক কম থাকে। তবে রান্নার সময় ও পানির পরিমাণ ঠিক রাখা জরুরি।

বাংলাদেশে ঘরোয়া খিচুড়ি একটি পরিচিত নাম ও জনপ্রিয় ব্র্যান্ড। দীর্ঘদিন ধরে তাদের খিচুড়ির সুনাম রয়েছে। এখন হীরাঝিলসহ আরও অনেক হোটেল-রেস্তোরাঁ ভালো খিচুড়ি পরিবেশন করছে। খিচুড়ির জনপ্রিয়তা যে শুধু ঘরের রান্নাঘরে সীমাবদ্ধ নেই, এসব আয়োজনই তার প্রমাণ।

খিচুড়ির সঙ্গে মায়ের স্মৃতির একটা গভীর সম্পর্ক আছে। ধরুন, ছেলে কিংবা মেয়ে দূরের পথে যাত্রা করছে। মা ছোট্ট একটি পাত্রে যত্ন করে খিচুড়ি রান্না করে দিলেন। সঙ্গে একটি ডিমভাজা। যেন পথে কোথাও বসে খেতে কোনো সমস্যা না হয়। কিন্তু এতেই মায়ের দায়িত্ব শেষ হয় না। কিছুক্ষণ পর ফোন করে আবার জানতে চান, ‘বাবা, খিচুড়ি খেয়েছিস? নষ্ট হয়ে যায়নি তো?’

এই যে খাবারের মধ্য দিয়ে মায়ের ভালোবাসা প্রকাশ, এর কোনো তুলনা হয় না। মায়ের হাতের খিচুড়ির স্বাদ শুধু জিবে থাকে না, থেকে যায় হৃদয়ের গভীরে। বয়স যতই বাড়ুক, জীবনের যত দূরেই যাই, মায়ের হাতের সেই খিচুড়ির স্মৃতি কখনো পুরোনো হয় না।

খিচুড়ির সঙ্গে শুঁটকি ও ভর্তার সম্পর্কটাও যেন বাঙালির চিরচেনা ভালোবাসার গল্প। বিশেষ করে গ্রামবাংলার মানুষের কাছে গরম খিচুড়ির সঙ্গে কয়েক পদের ভর্তার আয়োজন এক অন্য রকম তৃপ্তি। আলুভর্তা, বেগুনভর্তা, টমেটোভর্তা, ডালভর্তা, শিমভর্তা কিংবা শর্ষের তেল, পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে মাখানো ভর্তা—প্রতিটির স্বাদ আলাদা, প্রতিটির সঙ্গে জড়িয়ে আছে ঘরোয়া রান্নার একান্ত মায়া। আর যদি সঙ্গে থাকে শুঁটকিভর্তা, তাহলে তো কথাই নেই! লইট্টা কিংবা চিংড়ি শুঁটকির ভর্তার ঝাঁজালো ঘ্রাণে কখন যে খাওয়ার ইচ্ছা দ্বিগুণ হয়ে যায়, তা বোঝাই যায় না। গরম খিচুড়ির সঙ্গে এক চামচ শুঁটকিভর্তা, একটু কাঁচা মরিচ আর পেঁয়াজ—আহা! মনে হয় খাবারের জন্য এত আয়োজনের আর কী প্রয়োজন!

মনে পড়ে যায় মায়ের হাতের সেই সাধারণ অথচ অসাধারণ রান্নার কথা। মাটির চুলায় রান্না করা খিচুড়ি, পাশে শিল–পাটায় বাটা শুঁটকিভর্তা কিংবা আলু-বেগুনের ভর্তা। দামি কোনো উপকরণ নেই, বাহারি পরিবেশনও নেই। অথচ সেই খাবারের স্বাদ যেন আজও জিবে লেগে আছে। শহরের নামীদামি রেস্তোরাঁয় কত রকম খাবারই তো খাওয়া হয়, কিন্তু মায়ের হাতে মাখানো এক বাটি শুঁটকিভর্তা আর গরম খিচুড়ির সেই স্বাদ কি আর কোথাও পাওয়া যায়? আসলে খিচুড়ির সঙ্গে শুঁটকি ও ভর্তার সম্পর্ক শুধু স্বাদের নয়, এটি শৈশব, শিকড় আর ফেলে আসা দিনের একটুকরা স্মৃতি।

খিচুড়ির সঙ্গে বেগুনভাজিও বেশ মানিয়ে যায়। গরম খিচুড়ির পাশে এক টুকরা বেগুনভাজা থাকলে সাধারণ খাবারটিও হয়ে ওঠে অসাধারণ।

শীতের রাতে পাড়ার মাঠে লাইট জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলা হচ্ছে। চারদিকে তরুণদের হইচই। খেলার ফাঁকে একসময় শুরু হলো খিচুড়ি রান্নার আয়োজন। খুব বেশি আয়োজন নেই, পাকা রাঁধুনিও নেই। কয়েকজন মিলে চাল-ডাল, মসলা জোগাড় করে রান্না শুরু করলেন। কিন্তু সেই খিচুড়ির স্বাদ! হয়তো কোনো নামকরা রেস্তোরাঁর খাবারের মতো নয়, কিন্তু বন্ধুদের সঙ্গে ভাগ করে খাওয়ার আনন্দে তার স্বাদ হয়ে ওঠে অতুলনীয়। জীবনের অনেক সুন্দর স্মৃতি এভাবেই তৈরি হয়।

খিচুড়ির সঙ্গে আমাদের সামাজিক ও মানবিক সম্পর্কও গভীর। গত জুলাই-আগস্টের আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের জন্য রাতে ব্যাপক খিচুড়ি রান্নার আয়োজন করতে দেখা গেছে। অনেক জায়গায় দীর্ঘ সময় কাজ করতে হবে, রাত পর্যন্ত থাকতে হবে—এমন পরিস্থিতিতে দ্রুত রান্নার জন্য খিচুড়িই ছিল সহজ সমাধান। গরুর মাংস না থাকলেও ফার্মের মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা খুব বেশি ব্যয়বহুল নয়। অল্প খরচে অনেক মানুষের খাবারের ব্যবস্থা করা যায়।

দুর্ভিক্ষ, মহামারি কিংবা বন্যার মতো দুর্যোগের সময়ও খিচুড়ি রান্না করে মানুষের মধ্যে বিতরণ করতে দেখা যায়। ক্ষুধার্ত মানুষের হাতে এক প্লেট গরম খিচুড়ি তুলে দিলে যে তৃপ্তির হাসি ফুটে ওঠে, তার চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! খাবারটি হয়তো খুব দামি নয়, কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে এর মূল্য অনেক। এক প্লেট খিচুড়ি কখনো কখনো মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি বেঁচে থাকার সাহসও জোগায়।

খিচুড়ির আরেকটি বিশেষত্ব হলো এটি ধনী-গরিবের ব্যবধান মানে না। কারও পাতে থাকতে পারে ইলিশ ভাজা, গরুর মাংস, ঘি আর নানা পদের আচার। আবার কারও পাতে শুধু ডিমভাজা কিংবা একটু বেগুনভাজা। কিন্তু দুজনের তৃপ্তিতে খুব বেশি পার্থক্য থাকে না। কারণ, খিচুড়ির আসল আনন্দ তার স্বাদে, ঘ্রাণে এবং আপনজনদের সঙ্গে ভাগ করে খাওয়ার মধ্যে।

খিচুড়ি নিয়ে লিখতে বসলে হয়তো লেখা শেষ হবে না। কখনো বৃষ্টির দিনের সঙ্গী, কখনো ব্যাচেলর জীবনের ভরসা, কখনো বন্ধুত্বের আয়োজন, কখনো মায়ের ভালোবাসা, আবার কখনো বিপদে মানুষের ক্ষুধা নিবারণের খাবার—কতভাবেই না খিচুড়ি আমাদের জীবনের সঙ্গে মিশে আছে!

এক প্লেট খিচুড়ির মধ্যে কখনো থাকে শৈশব, কখনো থাকে মায়ের আদর, কখনো থাকে বৃষ্টিভেজা বিকেল, আবার কখনো থাকে বন্ধুদের সঙ্গে কাটানো দুরন্ত সময়।

তাই খিচুড়ি শুধু খাবার নয়, বাঙালির জীবনের একটুকরা আবেগ।

খাবার হিসেবে খিচুড়ির জয় হোক। বাঙালির পাতে, স্মৃতিতে আর ভালোবাসায় যুগ যুগ ধরে বেঁচে থাকুক খিচুড়ি।