কনা, চারটি প্রাণ আর এক সমুদ্র ভালোবাসা
কনা আমার সেই ছোট্ট বেলার বন্ধু, সহপাঠী। কবির ভাষায়, আমার বালক বেলার সই। সুদীর্ঘ চার দশকের বন্ধুত্ব আমাদের। এই বন্ধুত্ব নতুন এক মাত্রা পায় যখন ও গাঁটছড়া বাঁধে আমাদের আরেক প্রিয়তম বন্ধু কায়সারের সঙ্গে। দারুণ মেধাবী কনা পেশায় একজন সফল দন্তচিকিৎসক। দেশের অন্যতম সেরা এক ডেন্টাল কলেজের শিক্ষক। আনিকা আর আফ্ফান কনা-কায়সার দম্পতির দুই সন্তান। তবে আজকের গল্পটা ওর স্বামী-সন্তানদের নিয়ে নয়। অন্য চারজনকে নিয়ে, ওরা বিশেষ চারজন।
কনার বাড়িতে ঢুকলেই মনে হয়, যেন এক অন্য জগতে প্রবেশ করলাম, যেখানে শব্দ কম কিন্তু অনুভূতির গভীরতা অনেক বেশি। দরজার পাশেই ছোট্ট একটা নরম পায়ের শব্দ—একটি নয়, দুটি নয়, চারটি। এই চারটি বিড়ালই যেন এই ঘরের প্রকৃত বাসিন্দা, আর কনা তাদের যত্নশীল অভিভাবক।
কনার কাছে তারা শুধু ‘পোষা প্রাণী’ নয়, তারা তাঁর পরিবার, তাঁর সন্তানের মতো। সকাল হলেই শুরু হয় তাদের ব্যস্ততা। কেউ খাবারের জন্য মিউমিউ করছে, কেউ কোলে উঠতে চাইছে, আর কেউ গম্ভীরভাবে বসে আছে—যেন সংসারের সব দায়িত্ব তার কাঁধেই!
কনা একে একে সবার খোঁজ নেয়—কে কী খাবে, কার মন ভালো নেই, কে একটু বেশি আদর চাইছে। তাঁর এই যত্নে বিরক্তি নেই, ক্লান্তি নেই—আছে শুধু ভালোবাসা। ভালোবাসা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রাণীরাও তা অনুভব করে, বুঝতে পারে।
আধুনিক গবেষণা বলে, পোষা প্রাণী মানুষের জীবনে শুধু আনন্দই আনে না, বরং মানসিক ও শারীরিক সুস্থতার জন্যও গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, প্রাণীদের সঙ্গে সময় কাটালে মানুষের স্ট্রেস কমে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, এমনকি একাকিত্বও কমে যায়। গবেষণায় আরও বলা হয়, পোষা প্রাণী মানুষের মধ্যে সামাজিক বন্ধনও বাড়ায় এবং মানসিক সুস্থতা উন্নত করে।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
কনার জীবনে এই সত্যগুলো যেন বাস্তব হয়ে উঠেছে। চারটি বিড়ালই তাঁর দিনের ক্লান্তি ভুলিয়ে দেয়। অফিস বা কাজের চাপ যতই থাকুক, বাড়িতে ফিরেই যখন এই চারটি ছোট্ট প্রাণ তাঁকে ঘিরে ধরে, তখন সব দুশ্চিন্তা যেন মিলিয়ে যায়।
আমরা অনেক সময় ভাবি, পোষা প্রাণী রাখা কি শুধু ব্যক্তিগত আনন্দের বিষয়? আসলে বিষয়টি তাঁর চেয়েও অনেক বড়। সমাজে পোষা প্রাণী মানুষকে আরও সহানুভূতিশীল করে তোলে। যাঁরা প্রাণীর যত্ন নিতে শেখেন, তাঁরা মানুষের প্রতিও দয়ালু হন। শিশুদের ক্ষেত্রে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পোষা প্রাণীর সঙ্গে বড় হওয়া শিশুরা দায়িত্ববোধ ও সহমর্মিতা বেশি শেখে।
পরিবেশের ক্ষেত্রেও পোষা প্রাণীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। গবেষণায় বলা হয়, পোষা প্রাণীরা আমাদের পরিবেশের সতর্কবার্তা প্রদানকারী হিসেবে কাজ করতে পারে। তারা পরিবেশের ক্ষতিকর প্রভাব আগে অনুভব করে এবং আমাদের সতর্ক করে। অন্য এক গবেষণায় দেখা গেছে, যাঁরা পোষা প্রাণী পালন করেন, তাঁরা প্রকৃতির সঙ্গে বেশি সংযুক্ত থাকেন এবং পরিবেশের প্রতি বেশি সচেতন হন।
কনার জীবনেও বিষয়টি স্পষ্ট। সে শুধু তাঁর বিড়ালগুলোর যত্নই নেয় না, তাদের মাধ্যমে প্রকৃতির সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে তুলেছে। তাঁর কাছে প্রতিটি প্রাণই মূল্যবান। এই ছোট্ট চারটি বিড়াল যেন তাঁকে পৃথিবীর বড় সত্যটি শিখিয়েছে, ‘আমরা সবাই এই প্রকৃতির অংশ।’
ইতিহাসে অনেক মহান ব্যক্তি আছেন, যাঁরা প্রাণীর প্রতি ভালোবাসার মাধ্যমে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রকৃতি ও প্রাণীপ্রেমী প্রখ্যাত ইতালীয় ক্যাথলিক সাধু সেন্ট ফ্রান্সিস অব আসিসি বলতেন, পশুপাখিরাও আমাদের ভাইবোন। তিনি পাখিদের ধর্মোপদেশ দিতেন, নেকড়েকে শান্ত করেছিলেন ভালোবাসার জোরে। উনি বুঝেছিলেন, এই পৃথিবী শুধু মানুষের সম্পত্তি নয়। অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার খেতাবপ্রাপ্ত লেখিকা ডেম জেন গুডঅল সারা জীবন শিম্পাঞ্জিদের নিয়ে কাজ করেছেন। তিনি বলেন, পশুদের প্রতি ভালোবাসাই তাঁকে পৃথিবীকে রক্ষার লড়াইয়ে নেমে পড়তে উদ্বুদ্ধ করেছে। মহাত্মা গান্ধী বলেছিলেন, ‘কোনো জাতির মহত্ত্ব ও নৈতিক অগ্রগতি বিচার করা যায় সেই জাতির পশুদের প্রতি আচরণ দেখে।’
ফ্লোরেন্স নাইটিংগেল বিশ্বাস করতেন, ছোট প্রাণীরা মানুষের মানসিক সুস্থতায় গভীর প্রভাব ফেলে। তিব্বতি বৌদ্ধধর্মের অনুসারীদের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা দালাই লামা প্রায়ই বলেন, সব জীবের প্রতি দয়া দেখানোই মানবতার সবচেয়ে বড় গুণ। এসব উদাহরণ আমাদের শেখায়—প্রাণীর প্রতি ভালোবাসা শুধু একটি ব্যক্তিগত অনুভূতি নয়, এটি একটি নৈতিক দায়িত্বও।
কনার চারটি বিড়াল—প্রতিটি আলাদা, প্রতিটি অনন্য। বাদামি রঙেরটি একেবারে বাড়ির ‘দুষ্টু রাজা’ যেকোনো নতুন জিনিস দেখলেই তার তদন্ত শুরু! মাঝেমধ্যে টেবিলে উঠে এমনভাবে বসে থাকে, যেন সে এই সংসারের ম্যানেজার, আর বাকিরা সবাই কর্মচারী।
সাদা বিড়ালটি ঠিক তার উল্টো—শান্ত, ভদ্র, আর একটু অভিমানী। আদর না পেলে সে চুপচাপ দূরে গিয়ে বসে থাকে, কিন্তু চোখে এমন এক মায়া—যা দেখলে যে কারও মন গলে যায়।
ধূসর রঙেরটি আবার খুব গম্ভীর স্বভাবের। সে যেন এই পরিবারের ‘দার্শনিক’—সবকিছু দূর থেকে দেখে, কম কথা বলে, কিন্তু তার উপস্থিতি সব সময় অনুভব করা যায়।
আর কালো বিড়ালটি? সে এক রহস্য! কখনো হঠাৎ এসে কোলে বসে পড়ে, আবার কখনো অদৃশ্য হয়ে যায়। কিন্তু যখনই আসে, তার নরম স্পর্শে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ে।
এদের আলাদা স্বভাব, আলাদা মেজাজ—সব মিলিয়ে কনার ঘর যেন এক ছোট্ট নাট্যমঞ্চ, যেখানে প্রতিদিন নতুন গল্প লেখা হয়, আর প্রতিটি গল্পের মূল চরিত্র—ভালোবাসা। তাদের এই ছোট ছোট অভিমান, খুনসুটি, আদর—সব মিলিয়ে কনার ঘর যেন এক জীবন্ত গল্প।
কখনো দেখা যায়, টেবিলের ওপর চারটি বিড়াল রাজত্ব করছে, আর কনা নিচে দাঁড়িয়ে বলছে, ‘এই যে, একটু জায়গা দাও তো।’ তখন মনে হয়, এই ঘরের আসল মালিক কারা—তা নিয়ে সন্দেহ আছে!
কনার গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়—ভালোবাসা মানে শুধু বড় কিছু করা নয়, ছোট ছোট যত্নের মধ্যেই তার আসল সৌন্দর্য লুকিয়ে থাকে। পোষা প্রাণী আমাদের শুধু আনন্দ দেয় না, তারা আমাদের করে তোলে আরও সহানুভূতিশীল, আরও দায়িত্বশীল, আরও মানবিক। আমাদের চারপাশে যন্ত্রণা আর একাকিত্বের যে মহামারি চলছে, তার একমাত্র অমোঘ ওষুধ হতে পারে এই নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্কগুলো।
একটা ঘর বড় হয় না তার আয়তনে, বড় হয় তার ভালোবাসায়। আর কনার ঘরটি, চারটি বিড়াল আর এক বিশাল হৃদয় নিয়ে সত্যিই পৃথিবীর সবচেয়ে বড় ঘরগুলোর একটা।
লেখক: সাজ্জাদুল হাসান, একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত