মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্রের সপ্তদশ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
দেশের অন্যতম আবৃত্তি সংগঠন মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্রের সপ্তদশ দ্বিবার্ষিক সাধারণ সভা (কাউন্সিল) গতকাল শুক্রবার রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশকেন্দ্রের সত্যেন বোস সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে আগামী দুই বছরের জন্য (২০২৬–২৮) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটিতে নাসিমা খান বকুল সভাপতি এবং মহিউদ্দিন শামীম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—লুনা সিকদার (সহসভাপতি), রামেন্দু দাস পলাশ (যুগ্ম সাধারণ সম্পাদক), হিমেলঅনার্য (অর্থ সম্পাদক), ফারজানা আফরিন (দপ্তর সম্পাদক) এবং নুরজাহান আক্তার কেয়া (প্রচার ও প্রকাশনা সম্পাদক)।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম, আনিসা জামান চাঁপা, মাহমুদা সিদ্দিকা সুমি এবং খন্দকার রানা।
সম্মেলনে বক্তারা বলেন, আবৃত্তি কেবল একটি পরিবেশনশিল্প নয়; এটি মুক্তচিন্তা, মানবিক মূল্যবোধ এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই লক্ষ্য সামনে রেখে আগামী দিনগুলোতে মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্রের কার্যক্রম আরও সম্প্রসারণ, নতুন প্রজন্মকে আবৃত্তি ও সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করা এবং দেশব্যাপী সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
নবনির্বাচিত সভাপতি নাসিমা খান বকুল এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন শামীম সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্রকে আরও শক্তিশালী, সৃজনশীল ও সময়োপযোগী সাংস্কৃতিক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে নতুন কমিটি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবে।