ঢাকাস্থ দৌলতপুরবাসীর বর্ষবরণ উৎসব উদ্যাপন
পয়লা বৈশাখ উপলক্ষে প্রথমবারের মতো ঢাকাস্থ দৌলতপুরবাসীর অংশগ্রহণে বর্ষবরণ উৎসব-১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট–সংলগ্ন খেলার মাঠে কুষ্টিয়া জেলার ঢাকাস্থ দৌলতপুরবাসী ও ভয়েস অব ফিলিপনগরের আয়োজনে সর্বজনীন এ উৎসব উদ্যাপিত হয়। এতে ঢাকায় বসবাস করা কুষ্টিয়ার দৌলতপুরের প্রায় ৪০০ জন অংশগ্রহণ করেন।
সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ আয়োজনের উদ্বোধন হয়। এরপর উৎসবমুখর পরিবেশে সবার জন্য পান্তা–ইলিশ পরিবেশন করা হয়। ছিল বাচ্চাদের জন্য দৌড় প্রতিযোগিতা, নারীদের জন্য বালিশখেলা, ছেলেদের জন্য ঐতিহ্যবাহী হাঁড়িভাঙা খেলা ও বল নিক্ষেপের আয়োজন।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
বর্ষবরণ উৎসব-১৪৩৩ উদ্যাপনের এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রাজনীতিবিদ শামীম রেজা মোল্লা, হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম সরোয়ার, ডা. আবু সায়েম, ডা. আরিফ রেজা, ডা. রুবিনা আখতার, ডা. উম্মে সালমা, কৃষক দল নেতা জুলফিকার আলী ভুট্টো, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল নাহিয়ান সজীব, পলাশ দেওয়ান প্রমুখ।
আয়োজনের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী মোখলেসুর রহমান মিন্টু, বাবু সরকার, সরকার আমিরুল ইসলাম, চন্দন বাবু, লিনা মণ্ডল প্রমুখ।
অনুষ্ঠান শেষ হয় র্যাফল ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে। ভবিষ্যতেও এমন আয়োজনের আশা ব্যক্ত করেন দৌলতপুরবাসী।
পুরো অনুষ্ঠানের আয়োজনে ছিলেন রাশেদুল হাসান রিপন, প্রকৌশলী সাকীল খান, কাজল সরকার, সুমন রেজা, তুষার, প্রকৌশলী মো. মিজানুর রহমান প্রমুখ।