জেন্ডার সংবেদনশীল কনটেন্টের জন্য পুরস্কার পেলেন পাঁচ নির্মাতা

জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা ও সমতার বার্তা ছড়ানো কনটেন্ট তৈরির জন্য পাঁচজন কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারকে ‘জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়েছেছবি: জাগো ফাউন্ডেশনের সৌজন্যে

জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা ও সমতার বার্তা ছড়ানো কনটেন্ট তৈরির জন্য পাঁচজন কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারকে ‘জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়েছে। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে এ পুরস্কার দেওয়া হয়।

ন্যাশনাল লেভেল ইনফ্লুয়েন্সার বিভাগে পুরস্কার পেয়েছেন মাইশা মাহজাবীন প্রিয়তী। ইন্সপায়ারিং কনটেন্ট ক্রিয়েটর বিভাগে মো. মেহেদী হাসান নূর, ইমার্জিং কনটেন্ট ক্রিয়েটর বিভাগে পুরুষ ও নারী শাখায় হাসিবুল ইসলাম বাপ্পী ও আপুসি চৌধুরী পুরস্কার পেয়েছেন। জুরিস মেনশন পেয়েছেন তারগিভ সানান রোহাম।

‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় এ পুরস্কার দেওয়া হয়। নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

আয়োজকেরা জানান, ফলোয়ারের সংখ্যা নয়, কনটেন্টের মান, গল্প বলার ধরন, নৈতিক যোগাযোগ ও জেন্ডার সমতার বার্তা বিবেচনায় নিয়ে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে। প্রকল্পের আওতায় আট বিভাগের ২৪৬ জন তরুণ কনটেন্ট ক্রিয়েটর জেন্ডার সমতা ও দায়িত্বশীল অনলাইন আচরণ বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল।