ফিনল্যান্ডে বুদ্ধিজীবী ও বিজয় দিবস নিয়ে ভার্চ্যুয়াল আলোচনা

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ফিনল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে ভার্চ্যুয়াল নান্দনিক আলোচনা। বাংলাদেশ ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ড (বিডিপিএফ) এ আলোচনার আয়োজন করে। গত রোববার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় ভার্চ্যুয়াল নান্দনিক আলোচনা অনুষ্ঠিত হয়।

এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী এবং বিজয় অর্জনের আগে দেশের জন্য সব আত্মত্যাগ বীরদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ভার্চ্যুয়াল আলোচনা শুরু করার আহ্বান জানান বিডিপিএফের নির্বাহী সভাপতি ড. মো. মঞ্জুরে মওলা। শহীদ বুদ্ধিজীবীদের চিন্তা-চেতনা এবং বিজয় অর্জনের মূলমন্ত্রকে প্রযুক্তির যুগ কীভাবে একটি সুন্দর সেতু তৈরি করতে পারে, এই উদ্দেশ্যকে সামনে রেখেই আজকের আলোচনার প্রথমে বাংলা ভাষায় প্রেজেন্টেশন (রেডিও ফ্রিকোয়েন্সি ফিংগারপ্রিনিটিং ফর অউটডোর মোবাইল ইউজার পজিশনিং) প্রদান করেন, ইভাস্কুলা বিশ্ববিদ্যালয়ের ড. রিয়াজ উদ্দিন মণ্ডল।

আলোচনার প্রথম প্রশ্নোত্তর পর্বে ছিলেন ড. পারভেজ, ড. কাশিফ নিজাম খান এবং ড. হাসান মাহমুদ আমিনুল ইসলাম। বিডিপিএফের সদস্য অধ্যাপক ড. জি এম আতিকুর রহমানের সঞ্চালনায় আলোচনার দ্বিতীয় পর্বে হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের ডুসেন্ট ড. মানজুর আলম আলোচনা করেন বুদ্ধিজীবীদের অবদান, বিজয় দিবসের চেতনা এবং আমাদের করণীয় বিষয় নিয়ে। তিনি শহীদ বুদ্ধিজীবীদের অসমাপ্ত কাজগুলো আমরা কীভাবে সমাপ্ত করতে পারি এবং বিজয় দিবসের চেতনার মূলমন্ত্র কী ছিল, তা নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।

ড. মানজুর আলম বলেন, বুদ্ধিজীবীদের আমরা কীভাবে সংজ্ঞায়িত করব, তা নির্ভর করছে একজন মানুষের অন্তর্দৃষ্টি, দূরদৃষ্টি এবং দেশের জন্য সাহসিক পদক্ষেপ। তাঁর মতে, বুদ্ধিজীবীদের রাজনৈতিক সম্পৃক্ততা কতটা যুক্তিযুক্ত, তা সময় বলে দেবে। স্বাধীনতার উনপঞ্চাশ বছরে এসেও আমাদের মুক্তিযোদ্ধাদের নাম, সংখ্যা ঠিক করতে না পারা নিয়ে আগামী প্রজন্মকে কী বার্তা দিচ্ছে, এটা সমাজচিন্তকদের ভাবার বিষয় বলে তিনি মনে করেন।

ড. মানজুর আলম বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের নাম–ঠিকানা ও পরিচয় সংবলিত পদক্ষেপ আগামী প্রজন্মদের দেশপ্রেম শেখাবে। এই দেশপ্রেমকে সুসংহত ও টেকসই করার জন্য প্রয়োজন, সর্বজনীন শিক্ষাব্যবস্থা তা অবশ্যই বাংলা ভাষাতে হতে হবে।

আলোচনার উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন ড. এ কে এম সাইফুল্লাহ, ড. মো. সানাউল হক, ড. জুলিয়াস ফ্রান্সিস গোমেজ এবং ড. সরিফ চৌধুরী। আলোচনার বিরতি পর্বে প্ল্যাটফর্মে যোগদানকারী নতুন সদস্যদের সঙ্গে পরিচয় এবং কুশলাদি বিনিময় হয় সব সদস্যদের।

ভার্চ্যুয়াল আলোচনায় অংশ নেন বিডিপিএফের সদস্য ড. নাফিসা ইয়াসমিন, ড. কাশিফ নিজাম খান, ড. হাসান মাহমুদ আমিনুল ইসলাম, ড. মোহাম্মদ আশরাফুল হক, ড. মো. সানাউল হক, ড. জুলিয়াস ফ্রান্সিস গোমেজ, ড. পারভেজ, ড. সাকিরা হাসান, ড. সরিফ চৌধুরী, ড. গোলাম মো. সারোয়ার, ড. রিয়াজ উদ্দিন মণ্ডল, ড. জি এম আতিকুর রহমান, ড. মনজুর আলম, ড. এস এম সফিকুল আলম, ড. এ এইস এম সামসুজ্জোহা ও ড. মো. মঞ্জুরে মওলা।

আলোচনায় উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস নিয়ে আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ড. মো. মঞ্জুরে মওলা। বিজ্ঞপ্তি