জার্মানিতে বাংলাদেশি কমিউনিটির ফ্রাঙ্কফুর্ট প্রিমিয়ার লিগ ১২ জুন

ছবি: সংগৃহীত

১২ জুন জার্মানির ফ্রাঙ্কফুর্টের গিনহাইম ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে বাংলাদেশি কমিউনিটির ফ্রাঙ্কফুর্ট প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর। এবারের আসরে অংশগ্রহণ করবে মোট ৮টি দল। টিমগুলো হলো ফ্রাঙ্কফুর্টার বাংলাকিংস, ফ্রাঙ্কফুর্ট হারিকেন্স, বেঙ্গল পাইরটস, ক্রিক ওয়ারিয়রস, ফেল্কন্স ফ্রাঙ্কফুর্ট, ঈগলস থান্ডার, স্কাইলাইন স্ট্রাইকার ও ওয়ান্ডার ওল্ভস।

যাঁরা জার্মানিতে বাংলাদেশি কমিউনিটিকে এক সুতায় মিলিত করছেন, তাঁরা হলেন শাকির সৌমিক, সাজিদ আল ফুয়াদ, সাহেদুর সানি, রিয়াদ উল ইসলাম প্রমুখ। তাঁরা জানান, জার্মানিতে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের কাছে ন্যূনতম প্রাইসে টিম দেওয়া হয়। প্রথমে অনলাইনে খেলোয়াড়দের রেজিস্ট্রেশন হয়। রেজিস্টার্ড খেলোয়াড়দের থেকে নিলামের মাধ্যমে টিম গঠন করা হয়। টিমের পরিচালকেরা তাঁদের পছন্দের খেলোয়াড়দের কিনে টিম সাজিয়ে নেন।

আয়োজক কমিটির সদস্য শাকির সৌমিক বলেন, ‘যে মিশন ও ভিশন নিয়ে আমরা এফপিএল শুরু করেছিলাম সেই লক্ষ্যে আমরা পুরোপুরি সার্থক। কারণ, এখানে বাংলাদেশি ও বাংলাদেশি তরুণেরা খেলায় অংশগ্রহণ করছেন। এর মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হচ্ছে। যাঁরা অনেক বছর জার্মানিতে আছেন এবং যাঁরা নতুন আসছেন, এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে সবাই একে অপরের সঙ্গে আরও সহজে চেনাজানার সুযোগ হচ্ছে। আশা করি খেলার মাঠকে মনে হবে লিটল বাংলাদেশ।

সবাই আশা করছেন ১২ জুন জার্মানিতে বসবাসকারী বাংলাদেশি ক্রীড়াপ্রেমীদের জন্য একটি অন্যতম আনন্দের দিন হবে। ওই দিনকে ঘিরে সংশ্লিষ্ট সবাই প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।