গাফ্‌ফার চৌধুরীর স্মরণে জার্মানিতে ভার্চ্যুয়াল আলোচনা সভা

জার্মান-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে লেখক ও সাংবাদিক আবদুল গাফ্‌ফার চৌধুরীর স্মরণে গত রোববার বাংলাদেশ সময় বেলা দুইটায় সাংবাদিক হাবিব উল্লাহ আল বাহারের সঞ্চালনায় ও জার্মান-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা খান লিটনের সভাপতিত্বে স্মৃতিচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোশাররফ হোসেন, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসউদ মন্নান, অধ্যাপক গোলাম আবু জাকারিয়া, বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সাদিয়া মুনা তাসনীম, ইথিওপিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম নজরুল ইসলাম, আবদুল গাফ্ফার চৌধুরীর দীর্ঘদিনের সহকর্মী পারভিন সুলতানা, শিশুসাহিত্যিক কামরুজ্জামান, কবি ও লেখক মাঈদুল ইসলাম, সমাজকর্মী ও আইনজীবী তাওহিদা নাজনীন চৌধুরী, সমাজকর্মী বাবু সারদার, কাইয়ুম চৌধুরী, রবিন মোহাম্মদ, সাংবাদিক ফয়সাল আহমেদ, আমান উল্লাহ, রায়হান জিলানীসহ জার্মানিতে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী ও জার্মান–বাংলা প্রেসক্লাবের সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে আবদুল গাফ্‌ফার চৌধুরীর কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি’ পরিবেশন করেন প্রকৌশলী ও সংগীতশিল্পী মিনহাজ দীপন। বক্তারা আবদুল গাফ্‌ফার চৌধুরীর ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান, সাহিত্যকর্ম ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। সবাই আবদুল গাফ্‌ফার চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন এবং এই মহান বুদ্ধিজীবীর মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতির বিষয়ে আলোকপাত করেন।